বান্দরবান সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২০ জুন) সন্ধ্যায় বান্দরবান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শৈলশোভা আবাসিক মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, সাধারণ ডায়েরি (জিডি) নং-৯২৭, তারিখ ২০ জুন ২০২৬-এর ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ সৌরভ হোসেন, এসআই টিটু সরকার, এসআই রিয়াদুল ইসলামসহ পুলিশের একটি দল।অভিযান চলাকালে সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে শৈলশোভা আবাসিক এলাকার একটি খালি জায়গা থেকে মোঃ রিফাত হোসেন বাবু (২৫) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেফতার হওয়া রিফাত হোসেন বাবু শৈলশোভা আবাসিক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ- মাদকমুক্ত বান্দরবান গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী পরিবহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা কঠোর অবস্থানে রয়েছি,তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন মহলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতেই অনেক সময় সফল অভিযান পরিচালনা সম্ভব হয়।পুলিশ জানিয়েছে জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।